প্রকাশিত সংবাদের প্রতিক্রিয়া :- “সেহাংগলে যেন ১/১১ এর পুনরাবৃত্তি না ঘটে”। পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সমূদয়কাঠী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: নাজমুল ইসলাম সাইদ একথা বলেছেন। গতকাল ০৮ আগস্ট Coastal News 24.Top নিউজ পেইজ এ ” নিজেদের মুখোশ উন্মোচন করলেন সেহাংগলের অশান্তি সৃষ্টিকারী মুল কুশীলবরা” শিরোনামে একটি সাক্ষাৎকার মুলক প্রতিবেদন প্রকাশিত হয়। ঐ প্রতিবেদন প্রকাশের পর বিভিন্ন ব্যাক্তি সংবাদের পক্ষে বিপক্ষে মন্তব্য করেছেন। ঐ সকল মন্তব্যের প্রেক্ষিতে Coastal News 24.Top কে পাঠানো এক লিখিত প্রতিক্রিয়ায় তিনি ঐ কথা বলেছেন।
তিনি বলেন সেহাংগল আমার নানাবাড়ি। আমিও সমূদয়কাঠী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। দীর্ঘদিন ধরে চলমান অশান্ত সেহাংগলের শান্তি আমিও চাই । ঐ এলাকায় আমার রক্তের এবং আত্মার সম্পর্ক রয়েছে। উক্ত এলাকা থেকে সবচেয়ে বেশি ভোট পেয়ে আমি ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম। সুতরাং ঐ গ্রামের সুনাম- বদনাম, ভালো-মন্দের সাথে আমিও জড়িত। সেহাংগলের সমাজপতিদের দেরীতে হলেও বোধোদয় হয়েছে। তাই তারা এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষা করে সহাবস্থান বজায় রাখতে একটি ভালো উদ্যোগ নিয়েছেন।
তিনি বলেন, এ উদ্যোগ যেন আগামী ইউপি নির্বাচনকে সামনে রেখে একটি “সর্ট টাইম প্রোজেক্ট” না হয়। বিগত দিনের হানাহানি এ আদর্শ গ্রামের মানুষের সুনাম কতখানি নষ্ট করেছে এখন সবাই তা অনুধাবন করতে পারছে।
তিনি বলেন, এ হানাহানির পত্যক্ষ শিকার আমিও হয়েছি। বিগত ১/১১ এর সময় আমাকেও প্রতিহিংসার বলি হয়ে মিথ্যা মামলা মাথায় নিয়ে কারাগারে যেতে হয়েছে। আমি চাই এ এলাকার কোনো মানুষের উপর যেন বিগত ১/১১ ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। এ এলাকার মানুষ মিলেমিশে শান্তিতে বসবাস করুক এটাই আমার কামনা।

