বিশেষ প্রতিবেদন :- পিরোজপুরের নেছারাবাদ (স্বরুপকাঠী) উপজেলা যতদিন পর্যন্ত একক সংসদীয় আসন না হবে ততদিন পর্যন্ত এখান থেকে এমপি নির্বাচিত হওয়ার সম্ভাবনা নাই। Coastal News24.Top এর সাথে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সমূদয়কাঠী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ নাজমুল ইসলাম সাইদ।
সাক্ষাৎকারে তিনি বলেন, নিকট অতীতে একমাত্র নবম জাতীয় সংসদ নির্বাচনে স্বরুপকাঠীর সন্তান মোঃ শাহ আলম সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ১/১১ এর তত্ত্বাবধায়ক সরকারের মামলার বোঝা মাথায় নিয়ে জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু দেশের বাহিরে থাকায় এ সুযোগটি স্বরুপকাঠীর ভাগ্যে জুটেছিল।
তিনি অতীত উল্লেখ করে বলেন, নবম জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে স্বরুপকাঠীর সাথে বানারীপাড়া উপজেলা নিয়ে যখন সংসদীয় আসন ছিলো তখন মনিরুল ইসলাম মনি, একে ফায়জুল হক এবং সৈয়দ শহীদুল হক জামাল এমপি নির্বাচিত হয়েছেন। স্বরুপকাঠীর বৃহৎ জনগোষ্ঠী মেহমানদের ভোট দিয়ে নির্বাচিত করে তাদের পিছনে কলুর বলদ হয়ে ছিলো।
নবম জাতীয় সংসদ নির্বাচনের পরে স্বরুপকাঠীকে পিরোজপুর সদর ও নাজিরপুর উপজেলার সাথে যুক্ত করে সংসদীয় আসন পিরোজপুর ০১ পূনর্বিন্যাশ করা হয়। কিন্তু স্বরুপকাঠীর ভাগ্যের শিকে ছেঁড়েনি। তখন পিরোজপুর সদর থেকে এ.কে.এম.এ আউয়াল এবং নাজিরপুর থেকে শম রেজাউল করিম এমপি নির্বাচিত হন। তখন স্বরুপকাঠীর বিশাল ভোট ব্যাংকের মালিকরা মেহমানদের ব্যাগ বোঝা বহন করা নিয়ে সন্তুষ্ট ছিলেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকালে স্বরুপকাঠীকে পুনরায় পিরোজপুর ০২ আসনের সাথে সংযুক্ত করা হলে ভান্ডারিয়ার নাগরিক মোঃ মহিউদ্দিন মহারাজ এমপি নির্বাচিত হন। তারই ধারাবাহিকতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভান্ডারিয়ার বাসিন্দা আহমেদ সোহেল মঞ্জুর সুমন এমপি নির্বাচিত হন।
নাজমুল ইসলাম সাইদ বলেন, পিরোজপুর ০২ আসনের বর্তমান এমপি ও মন্ত্রীর বয়স খুব বেশি না হওয়ায় তাঁকে দিয়ে বিএনপি আগামী একাধিক নির্বাচন করাতে পারবে। তাছাড়াও আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামী,জেপি ও স্বতন্ত্র প্রার্থী মাঠ গোছাচ্ছে। দেখা যাচ্ছে তারা সকলেই ভান্ডারিয়া উপজেলার অধিবাসী। তাহলে আগামী সংসদ নির্বাচনেও স্বরুপকাঠীর কেউই সংসদ সদস্য নির্বাচিত হচ্ছেন না।
সবশেষে তিনি মন্তব্য করেন, যদি স্বরুপকাঠী নিয়ে একক সংসদীয় আসন গঠিত না হয় তাহলে কেয়ামত পর্যন্ত স্বরুপকাঠী থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার সম্ভাবনা নাই।

