Coastal News 24.Top Desk : পিরোজপুরের নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়নের চেয়ারম্যান গাজী মিজানুর রহমান বলেছেন, মাদক একটি পরিবারের শান্তি শৃঙ্খলা ও উন্নয়ন নষ্ট করে দেয়। আর এ মাদকাসক্ত ব্যাক্তি পরিবার থেকে সৃষ্টি হলেও তার প্রভাব সমাজের সর্বত্র ছড়িয়ে পড়ে। মাদকাসক্ত লোক আপনার আমার সকলেরই আপনজন। সামান্য অবহেলা ও নিয়মিত তদারকি না করার কারণেই সে একটু একটু করে মাদকে আসক্ত হয় এবং সে ঘর ছেড়ে এক সময় সমাজের প্রতিটি স্থানে প্রভাব বিস্তার করে।
তিনি বলেন, এলাকার ইভটিজার, ছিঁচকে মাস্তান, ছিনতাইকারী ও বেয়াদব এ মাদকের কারণেই সৃষ্টি হয়। তিনি আরো বলেন, গুয়ারেখা ইউনিয়নে মাদকের যে বেচাকেনা ও মাদকাসক্তের যে অবস্থা এখন পর্যন্ত দেখা যাচ্ছে তা আমাদের এলাকার জনসাধারণ একটু সচেতন হলেই প্রতিরোধ করা সম্ভব। আমাদের ইউনিয়নটির সাথে পাশের কয়েকটি উপজেলা এবং ইউনিয়নের সাথে স্থল ও নদীর সীমানা রয়েছে। এ ইউনিয়নটিকে মাদক ব্যবসায়ীরা ট্রানজিট পয়েন্ট হিসাবে ব্যাবহার করছে। তিনি উল্লেখ করেন কয়েকদিন পূর্বে চাঁদকাঠী এলাকায় যে দুজন মাদক ব্যবসায়ী পুলিশের হাতে ধরা পড়েছে তারা কেউই গুয়ারেখা ইউনিয়নের নাগরিক নয়। সুতরাং আমাদেরকে সন্দেহভাজন বহিরাগতদের দিকে নজর রাখতে হবে। সন্দেহজনক কিছু নজরে এলে পুলিশকে খবর দেয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। তিনি আইন নিজের হাতে তুলে না নেয়ার জন্যও জনগণের প্রতি আহ্বান জানান।


















