খুলনা সংবাদদাতা :- সুন্দরবনের শ্যালারচর এলাকা থেকে ৫ জেলেকে বনদস্যুরা অপহরণ করেছে বলে জানা গেছে। সাগরে বৈরী আবহাওয়ার কারনে সুন্দরবনের শ্যালার চর এবং নারকেলবাড়িয়া এলাকায় আশ্রয় নেয়া জেলে বহরে হানা দিয়ে একটি ফিশিং বোটসহ ৫ জেলেকে অপহরণ করা হয়। শনিবার দিবাগত রাত ১০ টায় তাদের অপহরণ করা আজ বিকালে বিষয়টি লোকালয়ে জানাজানি হয়।
তথ্য সূত্রে জানা গেছে বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনী তাদেরকে অপহরণ করেছে।অপহরণের পর জেলেরা কোথায় কিভাবে আছে তা বনবিভাগ ও মহাজনেরা কেউই নিশ্চিত নয়। ফিশিং বোটের মালিক বাবুল মাঝি জানান, অপহৃত জেলেদের কোথায় নিয়ে গেছে তা এখনো জানা যায়নি। অপহরণকারীরা এখন পর্যন্ত কোনো যোগাযোগও করেনি। অপহরণের শিকার জেলেরা সকলেই বাগেরহাটের শরণখোলা উপজেলার দক্ষিণ রাজাপুর এলাকার বাসিন্দা।
সুন্দরবনের পূর্ব বনবিভাগ সূত্রে জানা গেছে, দুটি ফিশিং বোটে হামলা চালিয়ে ৫ জন জেলেকে বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনী অপহরণ করেছে বলে তারা জানতে পেরেছেন। বিষয়টি কোস্ট গার্ডকে অবহিত করা হয়েছে। এ বিষয়ে বনবিভাগ খোঁজ খবর নিচ্ছে।


















