খুলনা সংবাদদাতা :- খুলনার রূপসায় ইটভাটায় ঢুকে ফখরুল সেখ নামে এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতরাত ১ টার দিকে রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের কিসমত খুলনা গ্রামে মেসার্স রূপসা ব্রীকস ফিল্ড ইট ভাটায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান ফখরুল রূপসা কলেজের সাবেক ছাত্রদল নেতা। তিনি বর্তমানে যুবদলের রাজনীতির সাথে যুক্ত ছিলেন।
স্বজনরা জানান ফখরুলদের মালিকানাধীন রূপসা ইট ভাটায় প্রায়ই চুরির ঘটনা ঘটত। এজন্য মাঝে মধ্যে ফখরুল পাহাড়ার জন্য ইট ভাটায় অবস্থান করতেন। গতরাতেও তিনি ইট ভাটায় অবস্থান করছিলেন।
রাত ১ টার দিকে কয়েকজন দুর্বৃত্ত ইট ভাটায় প্রবেশ করে ফখরুলকে গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা গুলির শব্দ শুনে সেখানে গিয়ে আহত অবস্থায় ফখরুলকে উদ্ধার করে রূপসা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রূপসা থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, হত্যা কান্ডের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। হত্যাকান্ডে জড়িতদের চিহ্নিতকরন ও তাদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।


















