হবিগঞ্জ সংবাদদাতা :- হবিগঞ্জের আজমিরীগঞ্জে এক ফল বিক্রেতার মোবাইল ফোন চুরির অভিযোগ উঠেছে রাসেল মিয়া নামে পুলিশের এক এসআই এর বিরুদ্ধে। গতকাল সোমবার এসআই রাসেলকে থানা থেকে প্রত্যাহার করে হবিগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
এর আগে গত ০৮ আগস্ট আজমিরীগঞ্জ বাজারে রাজিব আহমেদ এর ফলের দোকান থেকে নেয়ার ঘটনা ঘটে। যা একটি সিসিটিভি ফুটেজে প্রমান পাওয়া গেছে।
সিসিটিভি ফুটেজে দেখা গেছে এসআই রাসেল মিয়া ফল কেনার পরও প্রায় ০৫ মিনিট দোকানে অবস্থান করেন। এক পর্যায়ে টেবিলের উপর রাখা রাজিব আহমেদ এর কালো রংয়ের ফোনের উপর নিজের লাল রংয়ের মোবাইল ফোন এবং একটি ফাইল রেখে দুটি ফোনই একত্রে পকেটে নিয়ে বেড়িয়ে যায়।
ফল দোকানী রাজিব আহমেদ নিজের মোবাইল ফোন না পেয়ে সিসিটিভি ফুটেজ দেখে নিশ্চিত হন যে এসআই রাসেল মিয়া তার ফোন চুরি করেছে। রাজিব তখন এসআইকে ফোন দিয়ে তার মোবাইল ফোন ফেরত দিতে বলেন। কিন্তু মোবাইল ফোন হারিয়ে গেছে বলে এসআই রাসেল ফল দোকানী রাজিব আহমেদকে ১৫,০০০ /= টাকা ফেরত দেয়।
এসআই রাসেল মিয়ার ফোন চুরির বিষয়টি পুলিশ প্রশাসনকে বিব্রতকর অবস্থায় ফেলে। এ ঘটনার প্রক্ষিতে তাকে প্রত্যাহার করে পুলিশ লাইন সংযুক্ত করা হয়।

