ভান্ডারিয়া সংবাদদাতা :- পিরোজপুরের ভান্ডারিয়ায় কোরবানির গরুর হাটে চাঁদাবাজির অভিযোগে পারভেজ খান (২৭) নামে একজনকে গ্রেফতার করেছে ভান্ডারিয়া থানা পুলিশ। আজ সকালে উপজেলার দক্ষিণ শিয়ালকাঠি এলাকা থেকে থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ঐ এলাকার মোজাম্মেল খানের ছেলে।
থানা সূত্রে জানা গেছে উপজেলার দক্ষিণ শিয়ালকাঠি গরুর হাটে আজ সকালে পারভেজ খান সরকারি রাস্তার উপর খুটি গেড়ে প্রতিটি খুটিতে গরু বাধার জন্য ৫০০ টাকা করে চাঁদা উঠাতে থাকে। এছাড়াও প্রতিটি গরু বিক্রি থেকে ২০০০ টাকা চাঁদা দাবী করে আসছিলো। গরু বিক্রি করতে আসা সাইদ মোল্লা (৫৫) এর নিকট একইভাবে চাঁদা দাবী ও তাঁকে মারধর করলে পুলিশ তাকে গ্রেফতার করে।
তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা রুজু করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।
















