নারায়ণগঞ্জ সংবাদদাতা :- নারায়ণগঞ্জের ফতুল্লা থানার জামতলায় অভিযানের নামে গিয়ে স্বর্ন চুরির অভিযোগে পুলিশের দুই সদস্যেকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেছে ফতুল্লা থানা পুলিশ।
কারাগারে প্রেরন করা দুই পুলিশ সদস্য হলেন ফতুল্লা মডেল থানার উপ পরিদর্শক মোঃ খায়রুল বাশার ও কনেস্টবল আফিকুল ইসলাম। এ ঘটনায় পুলিশের দুই সোর্স মিরাজ ইসলাম শুভ ও মোঃ রানাকেও গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়।
নারায়নগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয় গত ০২ জুলাই ফতুল্লা থানার এস আই খায়রুল বাশার ও কনেস্টবল আফিকুল ইসলাম উর্ধতন কর্মকর্তাদের না জানিয়ে দুই সোর্স সহ জামতলার ধোপা পট্টি এলাকার সুমা আক্তারের বাড়ীতে মাদক বিরোধী অভিযানে যান। এসময় তারা সুমা আক্তারের গহনা চুরি করেন। এলাকাবাসী তাদেরকে গণপিটুনি দিয়ে আটকে রাখে। পুলিশ খবর পেয়ে তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ঘটনায় ভুক্তভোগী সুমা আক্তার বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করেন। ঐ মামলায় অভিযুক্ত দুই পুলিশ সদস্য সহ তাদের দুই সোর্সকে গ্রেফতার করা হয়। শৃঙ্খলা ভংগের দায়ে দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

