মোংলা সংবাদদাতা : সুন্দর বনে করিম শরীফ বাহিনীর সাথে কোস্ট গার্ডের বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। এ সময় অস্ত্র, গোলাবারুদ ও ওয়াকিটকি সহ ঐ বাহিনীর ৩ সক্রীয় সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড।
আজ সকালে কোস্ট গার্ডের মোংলা বেইসে এক প্রেস ব্রিফিংয়ে লে. ইকরা মোহাম্মদ নাফিস এ তথ্য জানান। তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে বাগেরহাটের শরণখোলার সুন্দরবনের শ্যালা নদীর মরাচানমিয়া খাল এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ডের একটি আভিযানিক দল। তাদের উপস্থিতি আচ করতে পেরে বনদস্যুরা কোস্ট গার্ডের উপর গুলি বর্ষন করতে থাকে। এ সময় কোস্ট গার্ডও আত্নরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এ সময় তিনটি একনলা বন্দুক, একটি দেশীয় পিস্তল, ৪৯ রাউন্ড তাজা গুলি, ১৮৭ রাউন্ড এয়ার গানের গুলি ২ টি ওয়াকিটকি এবং ৪ টি ওয়াকিটকির চার্জারসহ করিম শরীফ বাহিনীর ৩ সক্রীয় সদস্যকে আটক করতে সক্ষম হয়।
আটককৃতরা হলো মোড়েলগঞ্জের মো. মেহেদী হাসান ( ২৫) রমজান শরীফ (১৯) এবং ফরিদপুরের ভাংগা উপজেলার এনায়েত হোসেন (৩০)। আটককৃতদের নিয়ে পরবর্তী আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।

