ডেস্ক রিপোর্ট :- সংবাদ প্রকাশের জেরে কোনো সাংবাদিক, সংবাদ, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি কিংবা গণমাধ্যমের মালিককে গ্রেফতারের পূর্বে সংশ্লিষ্ট এখতিয়ারভুক্ত আদালতের পূর্বানুমতি নেয়ার বিধান সংযুক্ত হতে যাচ্ছে ‘ সাইবার সুরক্ষা (সংশোধন) আইন ২০২৬ এ।
স্বাধীন সাংবাদিকতা ও সংবাদমাধ্যমের নিরাপত্তা নিশ্চিত করতে গঠিত মন্ত্রীসভার খসড়া পর্যালোচনা কমিটির সভায় এ সংক্রান্ত নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
গতকাল ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সভাকক্ষে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের সভাপতিত্বে এ গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, পররাষ্ট্রপ্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামসহ সরকারের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভা শেষে মন্ত্রনালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সাংবাদিক ও গণমাধ্যমের প্রতিনিধিদের সুনির্দিষ্ট মতামত সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ আইনের খসড়ায় পরিমার্জন করা হচ্ছে, যাতে নতুন এ আইনটি স্বাধীন সাংবাদিকতা কিংবা গণমাধ্যম কর্মীদের উপর কোনোরুপ হয়রানির হাতিয়ার হিসেবে ব্যাবহৃত না হয়।

