ভোলা সংবাদদাতা :- ভোলার বোরহানউদ্দিনে জমি সংক্রান্ত বিরোধের জেরে মাইন উদ্দীন (৩৫) নামে এক যুবককে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে প্রতি পক্ষের দূর্বৃত্তরা। গতকাল বিকালে উপজেলার দেউলা ইউনিয়নের ছোটপাতা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাইন উদ্দীন ঐ এলাকার নেছারউল্লাহর ছেলে। এ হত্যাকান্ডের ঘটনায় একই এলাকার বজলুর রহমান ( ৫৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, নেছারউল্লাহর সাথে একই এলাকার ফয়জুল্লাহর মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল। ঘটনার সময় প্রতিপক্ষ মাইনউদ্দীনকে পরিকল্পিত ভাবে বাড়ি থেকে ডেকে নিয়ে হামলা চালায়। তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এক পর্যায়ে সে প্রান বাঁচাতে পাশের পুকুরে ঝাপ দেয়। পুকুরে নেমেও তাকে দূর্বৃত্তরা কুপিয়ে জখম করে। এলাকাবাসী তাকে উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে এটা পূর্ব পরিকল্পিত হত্যাকান্ড।
থানা সূত্রে জানা গেছে নিহতের লাশ আাইনি প্রক্রিয়া শেষে পোস্ট মর্টেম এর জন্য প্রেরন করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ হত্যাকান্ডের সাথে জড়িত একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

