ভাইরাল ভিডিও থেকে নেয়া :- চলমান আন্দোলনে গার্মেন্টস শ্রমিকদের কিছু অযৌক্তিক দাবী যেমনি মেনে নেয়া যায় না, তেমনি আন্দোলনের নামে শিল্প প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর, রাস্তায় গাড়ী ভাংচুর, সড়ক অবরোধ করে জন দুর্ভোগের সৃষ্টি, পুলিশের উপর আক্রমণ, পুলিশের গাড়ীতে অগ্নি সংযোগ এর কোনোটাই গ্রহনযোগ্য নয়।
তেমনি আন্দোলন দমনের নামে দেদারসে পুলিশ যেভাবে পেটাচ্ছে তাও একটি পেশাদারী বাহিনীর পেশাদারিত্ব আচরণের মধ্যে পরে না। পুলিশি এ্যাকশনের মধ্যে সবচেয়ে বেশি ভিডিও ভাইরাল হয়েছে পুলিশ সদস্য কতৃক একজন শ্রমিককে কাঁধে তুলে রাস্তায় আছাড় মারার ঘটনাটি। আছাড় মারার ঐ মুহূর্তে ঐ শ্রমিকের মাগো মা বলে আত্ম চিৎকার সকলের হৃদয় স্পর্শ করেছে।
দেখা গেছে শিক্ষার্থী, সাধারণ পথচারী, স্কুল শিক্ষক, নারী শ্রমিক কেউই রেহাই পায়নি পুলিশের গনহারে লাঠিচার্জ থেকে। এ ক্ষেত্রে পুলিশের কিছুটা সাবধানী এবং কৌশলী আচরণ কাম্য ছিলো। তারা সাংবাদিকের ক্যামেরায় হাত দিয়েছে তারা মোবাইল ফোন কেড়ে নিয়েছে। এসব সংবাদ গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে।
বিগত স্বৈর শাসনের আমলে এবং ২০২৪ এর গনঅভ্যুত্থানের সময় পুলিশের যে বেপরোয়া আচরণ ছিলো তার জন্য পুলিশকে জীবন দিয়েও খেসারত দিতে হয়েছে। চাকরি হারিয়েছেন হাজারো পুলিশ।
যে কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ পুলিশের দায়িত্ব। কিন্তু দায়িত্ব পালন করার সময় পেশাদারিত্ব আচরন বজায় রাখা প্রতিটি পুলিশ সদস্যের অবশ্য কর্তব্য।

