পর্যবেক্ষণ:- পিরোজপুরের নেছারাবাদ (স্বরুপকাঠী) উপজেলা বিএনপিতে এখন গ্রুপিং এখন প্রত্যক্ষ রুপ ধারণ করেছে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রোগ্রাম দুই ভাগে বিভক্ত ছিলো। স্বরুপকাঠীর নেতৃত্ব শুন্য বিএনপির সাবেক নেতারা তাদের নিজ নিজ অনুসারীদের নিয়ে ৭ ই নভেম্বর উপলক্ষে আয়োজিত র্যালী পৃথক পৃথকভাবে করেছেন।
র্যালী শেষে একটি বিষয় পরিলক্ষিত হয়েছে যে, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা ছেড়ে সাবেক এ নেতারা এক গ্রুপ আরেক গ্রুপের বিরুদ্ধে সমালোচনা ও কাঁদা ছোড়াছুড়ি মূলক বক্তব্য প্রদান করেছে। যা তৃণমূল নেতাকর্মীদের মধ্যে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।
স্বরুপকাঠী বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ ওয়াহিদুজ্জামান অহিদ এর মৃত্যুর পর স্বরুপকাঠী বিএনপিতে বিভাজনের সুর বাজছিল। কে কোন গ্রুপে যাবে তা নিয়ে আলোচনা সমালোচনা চলছিল। কিন্তু জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচীতে তা এখন স্পষ্ট আকার ধারন করেছে। এখন উপজেলা থেকে তৃণমূল নেতাকর্মীরাও চিহ্নিত হয়ে গেছে নেতৃত্ব বিভাজিত স্বরুপকাঠী বিএনপির কে কোন গ্রুপের সাথে সম্পৃক্ত।
এ বিভাজনের কারনে এক পক্ষ আরেক পক্ষে দোষ এমন ভাবে বক্তৃতার মাধ্যমে প্রকাশ করছেন তাতে টোটাল স্বরুপকাঠী বিএনপির সকল দুর্বলতা এখন সাধারণ জনগণের নিকট স্পষ্ট হয়ে যাচ্ছে।
এদিকে এতকিছু ঘটলেও জেলা বিএনপির নেতৃবৃন্দ এবং পিরোজপুর ০২ আসনের সাংসদ কেউই অজ্ঞাত কারণে কোনো পদক্ষেপ নিচ্ছন না। রাজনৈতিক সচেতন মহল মনে করছেন এভাবে চলতে থাকলে স্বরুপকাঠী বিএনপি তাদের স্বকীয়তা হারাবে।

