মঠবাড়িয়া সংবাদদাতা :- পিরোজপুরের মঠবাড়িয়া ইউএনও অফিসের উপ প্রশাসনিক কর্মকর্তার অফিস থেকে চাবি চুরির ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। উপ প্রশাসনিক কর্মকর্তা তানভীর খান বাদী হয়ে ২২ জুলাই মঠবাড়িয়া থানায় অভিযোগটি দায়ের করেন। অভিযোগের একমাত্র আসামি মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবি এম ফারুক হাসান।
অভিযোগে তানভীর খান উল্লেখ করেন, ঘটনার দিন ইউপি চেয়ারম্যান ফারুক হাসান নিজ কাজের প্রয়োজনে তার রুমে প্রবেশ করেন। সুযোগ বুঝে সে ১৫ টি চাবি সম্বলিত চাবির ছড়াটি পকেটে করে নিয়ে যান। ঐ চাবির ছড়ার সাথে অফিসের গুরুত্বপূর্ণ ডকুমেন্টস সম্বলিত পেন ড্রাইভও ছিলো। চাবি না পেয়ে খোঁজা খুঁজির এক পর্যায়ে সিসি টিভি বিশ্লেষণ করে দেখা যায় ইউপি চেয়ারম্যান চাবি নিয়ে গেছে। তাঁকে ফোন করে চাবি ফিরিয়ে দিতে বললে ৩/৪ ঘন্টা পর চাবি ফিরিয়ে দিয়ে যান।
অভিযোগে তিনি আরও উল্লেখ করেন , ইউপি চেয়ারম্যান ফারুক হাসানের গোপনীয় তথ্য এ অফিসে সংরক্ষিত আছে। তিনি কয়েকবার ঐ গোপনীয় তথ্য মৌখিক ভাবে চেয়ে ব্যার্থ হয়ে এ কাজ করতে পারেন বলে অভিযোগে উল্লেখ করেন। তিনি আরো উল্লেখ করেন ইউপি চেয়ারম্যান আমার এবং ইউএনও অফিসের ক্ষতি সাধনের জন্যে ডুপ্লিকেট চাবি তৈরি করতে পারেন।
এ বিষয় মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম জানান, অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

